সোনারগাঁয়ে সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহল মহাসড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে দোকানঘর তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের দুই পাশে সওজের জায়গায় গড়ে ওঠা এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আল রাজী লিয়নসহ পুলিশ সদস্য, আনসারসহ সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *