বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীতে কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন।

গত ৭ সেপ্টেম্বর তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম। আবেদনের প্রেক্ষিতে এই মামলায় আজ শুনানির জন্য দিন নির্ধারণ করেন আদালত। নির্ধারিত দিনে আজ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপরেই আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তার দেখানোর শুনানিতে নাজমুল আহসান কলিমুল্লাহ আদালতের অনুমতি নিয়ে বলেন, মাননীয় আদালত, আমি ছাত্রজীবন এবং আমার শিক্ষকতার জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনো নেই। আমি ভিসি থাকাকালীন সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। এতে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। আমি ভিসি থাকাকালীন সময় জুলাই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদ ভর্তি হয়ে ছিলেন। সাঈদ হত্যা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং কথা বলেছি। আমি একজন শিক্ষক এর বাইরে আর কিছুই না।

নথি থেকে জানা গেছে, গত ১৪ জুন কলিমুল্লাহ উচ্চ আদালত থেকে জামিন পান। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার সাপেক্ষে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। তবে গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়। এরপর সম্প্রতি ওই মামলায় জামিন পান তিনি।

এজাহার থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। রাত ৮টার দিকে তাদের উপর গুলি ও হামলা করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম রুবেল। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *