৫০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ৮, কটেজ থেকে ব্যবসায়ী উদ্ধার

চট্টগ্রামে ব্যবসায়িক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অপহরণ এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের দুই দিন পর জোরারগঞ্জের মহামায়া লেকের ভেতরের একটি পরিত্যক্ত কটেজ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ বলেন, ভুক্তভোগী হেলাল উদ্দিনের ব্যবসায়িক অংশীদার ও পূর্বপরিচিত আবুল হাশেম ব্যবসায় ৯ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। বিভিন্ন সময় হেলাল ৪ লাখ ৬১ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ৪ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই টাকা আদায়ের লক্ষ্যে আবুল হাশেম বেশ কিছুদিন ধরে হেলালকে হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর বিকেলে একটি সাদা মাইক্রোবাসে করে হেলাল উদ্দিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরের দিন ৮ সেপ্টেম্বর সকালে হেলালের মোবাইলফোন নম্বর থেকে তার স্ত্রী জেসমিন আক্তারের কাছে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আবার ফোন করে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা পাঠাতে বলা হয়। এ ঘটনায় জেসমিন আক্তার পাঁচলাইশ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার বিকেলে আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে প্রথমে শান্ত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশের মোহাম্মদপুর এলাকা থেকে মূল পরিকল্পনাওকারী আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভুক্তভোগীকে জোরারগঞ্জের মহামায়া লেক এলাকায় আটকে রাখা হয়েছে।

এরপর মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের সহায়তায় মহামায়া লেকের ভেতরে বন বিভাগের একটি পরিত্যক্ত কটেজে অভিযান চালিয়ে মঈন উদ্দিন রায়হান, আমজাদ হোসেন, মাহবুব রহমান, মানিক হোসেন ও ফারুককে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *