প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

আইনগত প্রক্রিয়া শেষে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য বিনষ্ট করেছে দিনাজপুরের হিলি স্থল কাস্টমস। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে হাকিমপুর (হিলি) পৌরসভার গোয়াহারা শ্মশান সংলগ্ন নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংস করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, ধ্বংস করা পণ্যগুলোর মধ্যে প্রায় দেড় মেট্রিক টন খাদ্যদ্রব্য, তামাকজাত পণ্য, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এসব পণ্যের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

আল আমিন আরও জানান, হাকিমপুর পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে পৌরসভার সরবরাহ করা বুলডোজার ও এক্সকেভেটরের মাধ্যমে পণ্যগুলো যথাযথ প্রক্রিয়ায় বিনষ্ট করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো মাটিচাপা দেওয়া হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ধ্বংসযোগ্য পণ্য নিয়ম অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।

এনবিআরের স্থায়ী আদেশ অনুযায়ী আয়োজিত এ কার্যক্রমে ধ্বংস কমিটির আহ্বায়ক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের যুগ্ম কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *