ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। সবচেয়ে বেশি ৮ বার এই পুরস্কার নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে ইউরোপ ছাড়ার পর গত দুই বছর ব্যালন ডি’অরের লড়াইয়েই ছিলেন না মেসি। ২০২৬ ফুটবল বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সে আবারও সংক্ষিপ্ত তালিকায় ফিরলেন তিনি। তবে নেই চিরপ্রতিদ্বন্দ্বি ক্রিস্টিয়ানো রোনালদো।
২০২৬ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা। মেসির পাশাপাশি এবারের ৩০ জনের সংক্ষিপ্ত এই তালিকায় নাম লিখিয়েছেন বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা। পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো থেকে আছেন একাধিক ফুটবলার।
এবারের আসরে মেসির সঙ্গে প্রধান আলোচনার কেন্দ্রে থাকছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল, আরেক ফরাসি তারকা উসমান দেম্বেলে, বায়ার্নের গোলমেশিন হ্যারি কেইন, রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র, সিটির আর্লিং হল্যান্ড এবং স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি।
দুই বছর পর ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটলেও এবার মেসির জন্য লড়াইটা মোটেও সহজ হবে না। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল থেকে শুরু করে উসমান দেম্বেলে, হ্যারি কেইন কিংবা এমবাপ্পের মতো ফর্মের তুঙ্গে থাকা তারকারা তাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন। ক্লাব থেকে জাতীয় দল–সবখানেই নিজেদের সেরা ছন্দে ছিলেন এই তারাকারা।
ক্লাব হিসেবে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি ফুটবলার জায়গা পেয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি থেকে। ফরাসি ক্লাবটি থেকে ১০জন ফুটবলার জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকা। দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা থেকে আছে সমান ৪জন করে ফুটবলার।
অন্যদিকে, দেশ হিসেবে সবচেয়ে বেশি ফুটবলার আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে। বিশ্বকাপজয়ী দলটির ৬জন ফুটবলার আছে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন আছেন ফ্রান্স থেকে। পর্তুগাল থেকে আছেন ৪ জন। সমান ৩ জন করে আছেন ইংল্যান্ড আর ব্রাজিল থেকে। ২ জন ফুটবলার আছেন আর্জেন্টিনা থেকে।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), পাউ কুবারসি (স্পেন), উসমান দেম্বেলে (ফ্রান্স), মার্ক কুকুরেয়া (স্পেন), লুইস দিয়াজ (কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (পর্তুগাল), গ্যাব্রিয়েল (ব্রাজিল), আর্লিং হল্যান্ড (নরওয়ে), হ্যারি কেইন (ইংল্যান্ড), আশরাফ হাকিমি (মরক্কো), কাভিচা কাভারেসখেলিয়া (জর্জিয়া), লামিনে ইয়ামাল (স্পেন), সাদিও মানে (সেনেগাল), মার্কিনিওস (ব্রাজিল), লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), নুনো মেন্দেস (পর্তুগাল), লিওনেল মেসি (আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পর্তুগাল), মাইকেল ওলিসে (ফ্রান্স), উইলিয়াম পাচো (ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (মেক্সিকো), ডেকলান রাইস (ইংল্যান্ড), রদ্রি (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), উইলিয়াম সালিবা (ফ্রান্স), ফেরান তোরেস (স্পেন), দায়োত উপামেকানো (ফ্রান্স), ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল) ও ভিতিনিয়া (পর্তুগাল)।