রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু, পারভেজ (২২) ও বাবু ওরফে সেন্টু (২৫)।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দক্ষিণখান থানাধীন মুক্তিযোদ্ধা রোড আজমপুর এলাকায় এক ব্যক্তির গতিপথ রোধ করে চাঁদা দাবি করে কতিপয় সন্ত্রাসী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর দক্ষিণখান থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তিগত সহায়তায় সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে সাজু মজুমদারকে এবং পরবর্তীতে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকা থেকে অন্তর রহমান ও পারভেজকে গ্রেপ্তার করে।
দক্ষিণখান থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টায় দক্ষিণ আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারসহ বাবু ওরফে সেন্টুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।