গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে ‘শয়তান জাল’ নামে পরিচিত) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীর পৌরসভা, ফুলবাড়ি, দরবস্ত ও সাপমারা অংশে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ছোট, মাঝারি ও বড় আকারের মোট ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা এসব নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চায়না দুয়ারি জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী অবাধে আটকা পড়ে, যা প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি স্বরূপ। দেশের মৎস্য সম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।