ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ত্রিভুজ প্রেমের জেরে বাংলাদেশ সচিবালয়ের আউটসোর্সিং ইলেকট্রিশিয়ান আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামি মো. মন্টু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২০ দিন পর তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মন্টু ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল জব্বারের সঙ্গে মন্টুর স্ত্রী রুবিনা বেগমের পরিচয়ের সূত্রে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রায় দুই বছর আগে মন্টু, রুবিনা জব্বার- তিনজনই শ্রীনগরের পশ্চিম খৈয়াগাঁও এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে একসঙ্গে বসবাস শুরু করেন। একপর্যায়ে প্রায় ছয় মাস আগে রুবিনা গোপনে জব্বারকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মন্টুকে তালাক দিয়ে জব্বারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস শুরু করেন রুবিনা।

এই বিরোধের জেরে গত ১৬ আগস্ট সকালে মন্টু ওই বাড়িতে গিয়ে জব্বারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান তিনি। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় জব্বারের মৃত্যু হয়। পরে নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মন্টুকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, গ্রেপ্তার মন্টুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *