রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের পেছনে রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী কাদের বলেন, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। পরে আমি দ্রুত তাকে উদ্ধার করে আরেক পথচারীর সহায়তায় রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।