ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবার রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে বেশি সময় ধরে সরকারপ্রধানের দায়িত্ব সামলানোর গৌরব অর্জন করেছেন। তার এই মাইলফলক অর্জনকে অ্যাবেটোন কুটিলিয়ানোর পার্বত্য অবকাশযাপন কেন্দ্রে উদযাপন করছেন সমর্থকেরা। খবর আল জাজিরার।
রাজনৈতিক অস্থিরতার জন্য কুখ্যাত ইতালি আট দশকে ৬৮টি সরকার দেখেছে। তবে এতদিন প্রয়াত সিলভিও বেরলুসকোনি চার মেয়াদে দায়িত্ব পালন করে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর খেতাবটি ধরে রেখেছিলেন। জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ব্রাদার্স অব ইতালি সরকার তার টানা ১ হাজার ৪১২ দিন ক্ষমতায় থাকার রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্কিইংপ্রেমীদের প্রধান গন্তব্য অ্যাবেটোন কুটিলিয়ানোর বাসিন্দারা ২০২২ সালের অক্টোবরের জাতীয় নির্বাচনে মেলোনির দলকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। ব্রাদার্স অব ইতালির স্থানীয় শাখার কাউন্সিলর আন্দ্রেয়া তোনারেলি বলেছেন, প্রধানমন্ত্রী মেলোনির এ উপলক্ষ উদযাপনের জন্য সমুদ্রতীরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা যারা যেতে পারব না, তারা সমাবেশটি দেখার জন্য দলের স্থানীয় কার্যালয়ে জড়ো হব।
প্রকৌশলী আন্দ্রেয়া তোনারেলির কাছে এ মাইলফলকটি একটি গর্বের বিষয়। তিনি বলেন, ১০ বছর আগে এটি অকল্পনীয় ছিল। একথা বলতে আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি, কিন্তু এর কৃতিত্ব সেই মানুষদের প্রাপ্য, যারা আমার মতো তরুণদের খুঁজে বের করতে পেরেছিলেন।
নিজেকে পাহাড়ি বাসিন্দা হিসেবে পরিচয় দেওয়া এবং ২০১৭ সালে ব্রাদার্স অব ইতালিতে যোগ দেওয়া তোনারেলি বলেন, বামপন্থিদের ‘ঘরে বসে পরিবেশবাদ’ এর বিরুদ্ধে দলটির অবস্থানই তাকে আকৃষ্ট করেছে। তিনি ব্রাদার্স অব ইতালির সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় পণ্য ও ঐতিহ্যের প্রচারসহ বিভিন্ন উপায়ে ‘ইতালীয়দের অগ্রাধিকার’ দেওয়া এবং দলটির ‘দেশপ্রেমিক’ সংকল্পকে সমর্থন দিয়েছেন বলে জানান।
ব্রাদার্স অব ইতালির সমর্থক কাউন্সিলর তোনারেলি বলেন, আমাদের প্রধান বৈশিষ্ট্য হলো আমরা যা করি তার ওপর বিশ্বাস রাখি এবং তাতে নিজেদের শতভাগ উজাড় করে দিই। এই মাইলফলকটি জর্জিয়া মেলোনি, দল বা কোনো একক সংগ্রামী নেতার অর্জিত নয়। এটি সমগ্র সম্প্রদায়ের অর্জিত মাইলফলক, যা এই জাতির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে।
‘গভীরভাবে প্রতীকী’
ব্রাদার্স অব ইতালির চেম্বার অব ডেপুটিজের সর্বকনিষ্ঠ সদস্য গ্রাজিয়া ডি ম্যাজিও সরকারের এই রেকর্ড-ভাঙা দীর্ঘস্থায়িত্বকে ‘গভীরভাবে প্রতীকী’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত প্রথম নারী এবং তিনি একটি ডানপন্থি পরিবার থেকে এসেছেন, যার অর্থ হলো তার মধ্যে কোনো শর্টকাট ও স্বজনপ্রীতি নেই। এ ঘটনা ইতালির জনগণের বেনিতো মুসোলিনির সর্বাত্মকবাদী একনায়কতন্ত্রের মতাদর্শকে প্রত্যাখ্যান এবং উগ্র-ডানপন্থিদের প্রতি ঘৃণার ইঙ্গিত।
জর্জিয়া মেলোনি ফ্যাসিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন। ২০২২ সালে তিনি ঘোষণা করেন, ইতালীয় ডানপন্থিরা ফ্যাসিবাদকে ইতিহাসের হাতে তুলে দিয়েছে।
ডি ম্যাজিও আরও বলেন, মেলোনির এই সাফল্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি এমন একটি গল্প যা দেখিয়েছে—আবেগ, ত্যাগ ও ব্যক্তিগত মূল্যবোধ পরিবর্তন আনতে পারে। এটি প্রমাণ করে—একটি ডানপন্থি সরকার বিশ্বাসযোগ্য, স্থিতিশীল এবং তাদের দায়িত্ব পালনে সক্ষম।