মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলশিক্ষার্থী নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাফি (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাফি কুমিল্লার হোমনা উপজেলার মো. আল আমিনের ছেলে এবং হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, মঙ্গলবার মায়ের সঙ্গে গোপালগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসে রাফি। এরপর বৃহস্পতিবার রাতে খালাতো ভাই মিতুলের মোটরসাইকেল নিয়ে বন্ধু ইয়াসিনসহ তারা তিনজন ঘুরতে বের হয়।
একপর্যায়ে মোটরসাইকেলটি টুঙ্গিপাড়া উপজেলা সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত মিতুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইয়াসিন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।