মাঠে গড়াচ্ছে না বিপিএল, ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম

গত কয়েক আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছিল সমালোনায় জর্জরিত। ফিক্সিং কাণ্ড থেকে শুরু করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া–এসব ছিল বিপিএলের নিয়মিত ঘটনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবাল আগের কাঠামোতে বিপিএল আয়োজন করতে চান না। যে কারণে মাঠে গড়াচ্ছে না এবারের বিপিএল।

দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে না গড়ালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ঘরোয়া ক্রিকেটাররা। যারা জাতীয় দলের বাইরে তাদের আয়ের সবচেয়ে বড় উৎস এই বিপিএল। তবে বিপিএল নাহলেও ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম। একই সঙ্গে নারী ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঘরোয়া চার দিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা। ওয়ানডেতে ম্যাচ ফি করা হয়েছে এক লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তামিম ইকবাল বলেন, ‘এই সুবিধা নির্দিষ্ট কয়েকজন নয়, ঘরোয়া ক্রিকেটের সব ক্রিকেটারের জন্যই প্রযোজ্য হবে। আবার বিপিএল হচ্ছে না জন্য, ক্রিকেটারদের শুধু এই বছরের জন্য এই বেতন বাড়ানো হচ্ছে, তা নয়। আমি এবং আমার বোর্ড তেমন নই।’ একই সঙ্গে আগামীতে ম্যাচের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তামিম।

শুধু পুরুষ ক্রিকেট নয়, নারী ক্রিকেটেও বাড়ছে পারিশ্রমিক। তিন দিনের ম্যাচকে চার দিনের ফরম্যাটে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নারী ক্রিকেটের চার দিনের ম্যাচের ম্যাচ ফি ২০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা।

এদিকে, বিপিএল না হলে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টি নামে পরিচিত এই প্রতিযোগিতাই নতুন কাঠামো ও পরিচয়ে মাঠে গড়াতে পারে।

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য নতুন এই টুর্নামেন্টের নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’। বিভাগভিত্তিক দলের পরিবর্তে ছয়টি দল নিয়ে আয়োজনের চিন্তা রয়েছে। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান দল কেনার সুযোগ পাবে। দল কিনে নেওয়া প্রতিষ্ঠান নিজেদের পছন্দ অনুযায়ী দলের নামও নির্ধারণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *