২০২৬ ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল জাপান ফুটবল দল। তবে শেষ ষোলোতে তাদের স্বপ্ন ভঙ্গ হয় ব্রাজিলের কাছে হেরে। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে এশিয়ান জায়ান্টরা। আগামী নভেম্বর চার জাতির একটি টুর্নামে্টে খেলতে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টে দুইটি মহাদেশের চারটি দল অংশ নিবে।
ফিফার আগামী নভেম্বরের উইন্ডোতে সিঙ্গাপুরে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামের বিশেষ এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যেখানে ব্রাজিল ও জাপানের পাশাপাশি অংশ নিচ্ছে স্বাগতিক সিঙ্গাপুর এবং লাতিন আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ে। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এশিয়া ও দক্ষিণ আমেরিকার এই চার দলের প্রতিযোগিতাটি মাঠে গড়াবে। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন টুর্নামেন্টের আয়োজকরা।
আয়োজকদের দেওয়া সূচি অনুযায়ী, সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে প্যারাগুয়ে। পরের দিন (১৪ নভেম্বর) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।
আর ১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। প্রতিযোগিতার শেষ দিনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। আর দিনের অপর ম্যাচে লড়বে জাপান ও প্যারাগুয়ে।
তবে সিঙ্গাপুরে এই টুর্নামেন্ট খেলা আগে আরও একবার এশিয়া সফর করবে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের।
‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান ‘দ্য কাল্লাং গ্রুপ’ ও ‘ডেন্টসু স্পোর্টস ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, মূলত সিঙ্গাপুর ও জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ড্যারিল ইও জানিয়েছেন, বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা সিঙ্গাপুরে নিয়ে আসা এবং ভক্ত ও নানা কমিউনিটির মানুষদের এক সুতোয় বাঁধার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।