সিরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

উজবেকিস্তানে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিতে লড়াই করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। টুর্নামেন্টের শুরুটা অবশ্য ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ম্যাচেই হেরেছে স্বাগতিকদের বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে মাঠে নামছে অ্যাডাম আব্বাসরা।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় উজবেকিস্তানের তাসখন্দে মুখোমুখি হবে দুই দল। অফিসিয়ালি কোনো টেলিভিশনে দেখা যাবে না খেলা। তবে বাংলাদেশি সমর্থকরা ইউটিউবে বিনামূল্যে ম্যাচটি দেখতে পারবেন। Futbol telekanali ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ। দেশি ফুটবলারদের সঙ্গে বেশ কয়েকজন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে স্কোয়াড সাজিয়েছেন অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স। তবুও প্রথম ম্যাচের ফলাফল পক্ষে আসেনি। স্বাগতিকদের বিপক্ষে হেরেছিল ২-০ গোলের ব্যবধানে।

অবশ্য বাংলাদেশের টুর্নামেন্টের যাত্রাটাই ছিল বেশ সমালোচনায় ঘেরা। ক্যাম্পে হাতাহাতিতে জড়িয়েছিলেন প্রধান কোচ জেরার্ড জোন্স আর সহকারী কোচ আতিকুর রহমান মিশু। সেই ঘটনায় ৯৯৯-এ কল করে টিম হোটেলে পুলিশও ডাকেন জোন্স।

সেসব ঘটনার পরও এই দুজনই বাংলাদেশ দলের সঙ্গে উজবেকিস্তান সফরে গেছেন। সেখানে গিয়েও অবশ্য সমালোচনার জন্ম দিয়েছেন তারা। প্রথম ম্যাচে ডাগআউটে ছিলেন না সহকারী কোচ মিশু।

সেসব ভুলে এখন দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। কারণ মূলপর্বে কোয়ালিফাই করতে হলে বাকি দুই ম্যাচের সবগুলোতেই জিততে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যেই আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *