বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই ঐতিহাসিক দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তিনি আজকের দিনটিকে বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার বলে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে স্মরণ করিয়ে দেন যে, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্র রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করে জিয়াউর রহমান নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর অধিকার ফিরিয়ে দিয়ে বহুমাত্রিক গণতন্ত্রের সূচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার সম্মোহনী নেতৃত্ব দিয়ে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। একই সঙ্গে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী ও আহত সকল নেতাকর্মীর অবদানকেও তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের জনগণের কাছে শতভাগ জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই ভালোবাসার প্রতিদান দিতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে। জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি দেশমাতৃকার সেবায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। সূচি অনুযায়ী, আগামীকাল ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বিশেষ পোস্টার প্রকাশের পাশাপাশি দেশজুড়ে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৎস্য অবমুক্তকরণে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ছাড়া সারা দেশে জেলা, মহানগর ও সকল ইউনিটে সুবিধাজনক সময়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।