৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে জিউঝৌ ইন্ডাস্ট্রি

ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ঢাকার নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)। রোববার (৩০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আল আমিন শেখ জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮  টাকার ভ্যাট (মূল্য সংযোজন কর বা মূসক) ফাঁকি উন্মোচন করেছে এনবিআর। গত ৩ আগস্ট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড প্রাঙ্গণে কার্যক্রম চালিয়েছে। অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়।

পরে জব্দ করা দলিলগুলো বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ শেষে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রায় ৩১৮ কোটি টাকা মূসক ফাঁকি দিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা প্রকৃত তথ্য গোপন রেখে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ফাঁকি দেওয়া রাজস্ব আদায় করতে এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রাজস্ব ফাঁকি রোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ ধরনের কঠোর নজরদারি এবং নিবারক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *