সকালে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ এইচপি দল। ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে ইরফান শুক্কুরের দল। জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এবার ফাইনালের টিকিট কাটতে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফাইনালের টিকিট কাটতে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এইচপি দল। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে।

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এই সময়ে ধরে রেখেছিল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান। চতুর্থ ম্যাচে এসে হার দেখলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ।

ছয় ম্যাচ খেলে বাংলাদেশের জয় পাঁচটি। ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। মজার বিষয় হলো- পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের সবার পয়েন্টই সমান ১০ করে। তবে রানরেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি। দুইয়ে বাংলাদেশ আর তিন নম্বরে আছে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ।

নিয়ম অনুযায়ী, টেবিলের শীর্ষে থাকা দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি টেবিলের চার নম্বর দলের সঙ্গে। আর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।

টুর্নামেন্টে ব্যাট এবং বল– দুই বিভাগেই দারুণ ছন্দে আছে বাংলাদেশ। বিশেষ করে মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল অস্ট্রেলিয়ার মাটিতেও স্পিন ঘূর্ণি দেখাচ্ছেন। পেস বোলিংয়ে ছন্দ খুঁজে পেয়েছেন রিপন মণ্ডল। ব্যাটহাতে আলো ছড়াচ্ছেন অভিজ্ঞ সাব্বির রহমান, আরিফুল হকরা।

বাংলাদেশ এইচপি স্কোয়াড

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী, মৃত্যঞ্জয় চৌধুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *