কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ধজনগর গ্রামের বাসিন্দা নায়েব আলী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) কসবা সুপার মার্কেটের সামনে আয়োজিত এ মানববন্ধনে ধজনগর গ্রামের সর্বস্তরের নাগরিক ও পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নায়েব আলী হত্যার বিচার নিশ্চিত করতে নানা স্লোগান দেন এবং দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল সদস্য সোহেল আহমেদ মিলন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য শফিকুল ইসলাম ও মনির হোসেন, গোলাম মোস্তফা, পল্লী চিকিৎসক কাজল মিয়া ও নিহতের ছেলে শাহজালাল পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, নায়েব আলী একজন সহজ-সরল ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তার এমন মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা অভিযোগ করেন, ঘটনার এক সপ্তাহ পরও প্রকৃত অপরাধীরা এখনও আইনের আওতায় আসেনি। ফলে নিহতের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট নিখোঁজের দুদিন পর কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার একটি ডোবায় ৬০ বছর বয়সী নায়েব আলীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ঘটনাটির তদন্ত চলছে। প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্টদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ কার্যক্রমও চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *