খণ্ডখণ্ড যন্ত্রাংশ আমদানি করে স্থানীয়ভাবে জোড়া লাগিয়ে (অ্যাসেম্বল) পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আজ শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে বিলাসবহুল তিনটি গাড়ি জব্দ করা হয়। জোড়া লাগানোর পর বিলাসবহুল সেই গাড়ি তিনটি হলো-টয়োটা সুপ্রা, হোন্ডা সিভিক ও মাজদা এমএক্স-৫।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোংলা বন্দরে খণ্ডখণ্ড করে আনা আস্ত বিলাসবহুল চার গাড়ি আমদানি কৌশল উদঘাটন করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এগুলো ব্যবহৃত গাড়ি যন্ত্রাংশ ঘোষণা করে আনা হয়েছে। খণ্ডখণ্ড অবস্থায় আনা চারগাড়ি হলো- রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৬৫০আই, লেক্সাস এলএক্স৫৭০ এবং টয়োটা ক্রাউন অ্যাথলেট। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা।

এছাড়া একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যন্ত্রাংশ আমদানি করে স্থানীয়ভাবে জোড়া লাগিয়ে (অ্যাসেম্বল) পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা একটি বিএমডব্লিউ জব্দ করে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।