তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার, দুজন রিমান্ডে

রাজধানীর সবুজবাগে ছুরাইয়া আক্তার ফালানী নামে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধারের মামলায় বান্ধবী নুসরাত জাহান সাহিদার স্বামী মনজুরুল ইসলাম রাব্বী এবং সহযোগী শাওনকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম বলেন, ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকী আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ৬ আগস্ট সবুজবাগের মাদারটেক বাগানবাড়ির গরুর খামার লাগোয়া সেতুর নিচ থেকে একটি খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করে পুলিশ। পরে ছবি দেখে দেহাংশটি ছুরাইয়া আক্তার ওরফে ফালানীর বলে শনাক্ত করেন তার মা-বাবা। ১৯ বছর বয়সি ফালানী মুন্সীগঞ্জের ঢালীকান্দি গ্রামের বজলুল ব্যাপারীর মেয়ে। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতদের আসামি করে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *