গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে থাকা গ্যালারি স্ট্যান্ডের নাম বাতিল করা হয়েছে। মুহূতেই ভাইরাল হয়ে যায় বিষয়টি। এরপর শুরু হয় তুমুল সমালোচনা। এ বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, গ্যালারি স্ট্যান্ড থেকে আবু সাঈদের নাম বাতিলের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিসিবি এ ধরণের কোনো সিদ্ধান্ত নেয়নি।
বিসিবি জানিয়েছে, শেরে বাংলা স্টেডিয়াম কিংবা দেশের অন্য কোনো আন্তর্জাতিক ভেন্যুতে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’-এর নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত বোর্ড নেয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিবির আয়োজিত সব আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ চলাকালে প্রতিটি স্ট্যান্ডের অফিশিয়াল নাম অত্যন্ত স্পষ্টভাবেই প্রদর্শন করা হয়। চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে মিরপুরে যতগুলো আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে, প্রতিটিতেই স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং টিভি পর্দার দর্শকদের জন্য ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে’র নাম স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এমনকি ম্যাচের টিকিট ও প্রচারণামূলক বিভিন্ন সামগ্রীতেও এই নাম নিয়মিত ব্যবহার করা হচ্ছে।
মাঠের রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামের নিয়মিত কাজের অংশ হিসেবে অনেক সময় স্ট্যান্ডের নাম লেখা সাইনবোর্ডগুলো নষ্ট হতে পারে বা সাময়িকভাবে নামিয়ে ফেলা হতে পারে। তবে এই ধরনের কাজগুলো সবসময় খেলা না থাকার দিনগুলোতে করা হয়ে থাকে।
জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়েই তার নামে এই স্ট্যান্ডটির নামকরণ করা হয়েছিল বলে স্মরণ করিয়ে দিয়েছে বোর্ড। সেই নাম মুছে ফেলার বা সরানোর কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে বিসিবি।
বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ধরনের অপতথ্য ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে দাবি করেছে বিসিবি। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।