রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সংরক্ষিত নারী সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (২৬ আগস্ট) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো দুই সংরক্ষিত নারী ইউপি সদস্য হলেন মোছা. হামিদা খাতুন (৪৭) ও সাজেদা বেগম (৪০)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল শেখের নেতৃত্বে একটি দল পাংশা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। আর সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, বিষয়টি একটি ষড়যন্ত্র। আমরা আসামিদের জামিনের আবেদন করেছিলাম। কালুখালি আমলি আদালতের অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফ হোসেন আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। পরে জজ কোর্টে মিস কেইস করে জামিনের আবেদন করা হবে।