বিশ্ববাজারে একই দিনে স্বর্ণ ও রুপার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগামী দিনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কেমন রাখতে পারে— এ বিষয়ে বিনিয়োগকারীদের নজর এবং সামগ্রিক বাজারের চাহিদার ওপর ভর করে এই মূল মূল্যবান ধাতু দুটির দাম বেড়েছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০০.৭০ ডলারে পৌঁছেছে। আগের সেশনে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম রেকর্ড উঁচুতে স্পর্শ করে প্রতি আউন্স ৪ হাজার ৬৪২.৭৪ ডলারে বেচাকেনা হয়।
একই সময়ে বিশ্ববাজারে রুপার দামেও জোরালো উত্থান লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯.২৬ ডলারে উন্নীত হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সুদের হার কমানোর গুঞ্জন এবং ইউএস ট্রেজারি ফান্ডের বিভিন্ন বন্ড নীতির কারণে বিনিয়োগকারীরা সুদমুক্ত ও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ এবং রুপার প্রতি আগ্রহী হচ্ছেন। স্বর্ণ ও রুপার পাশাপাশি অন্য মূল্যবান ধাতু যেমন প্ল্যাটিনামের দাম ০.৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।