যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারগেট শহরে বজ্রপাতে আক্রান্ত হয়ে এক নারী ও তার দুই বছর বয়সী কন্যা সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফোর্ট লডারডেলের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকার ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম কেনিয়া গ্লাসগো (৩১)। প্রত্যক্ষদর্শীদের মতে, পরিবার নিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত ঘরে ঢোকার চেষ্টা করার মুহূর্তে তাদের ওপর হঠাৎ বজ্রপাত আঘাত হানে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা সিপিআর দিয়ে জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ফোর্ট লডারডেল ও ডিয়ারফিল্ড বিচের দুটি আলাদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী প্রতিবেশী প্রিন্স এক সাক্ষাৎকারে বলেন, বিকট শব্দের সঙ্গে বাইরে তীব্র কমলা আলোর আভা দেখতে পাই। এরপরই ফুটপাতে দুজনকে পড়ে থাকতে দেখে সাহায্য করতে ছুটে যাই এবং ৯১১-এ ফোন দিই। দৃশ্যটি অত্যন্ত হৃদয়বিদারক ছিল।
মারগেট পুলিশ ডিপার্টমেন্ট ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে। জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্টে বজ্রপাতে মৃতের সংখ্যা প্রতি বছর গড়ে কয়েক ডজন হলেও ফ্লোরিডায় একই পরিবারের দুজনের এমন হঠাৎ প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।