প্রতি বছরই স্পোর্টস কার্নিভাল আয়োজন করে আসছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ)। সেই ধারায় এবারও শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী এই স্পোর্টস আয়োজন। সংগঠনের সদস্যদের আনন্দ ও বিনোদনের এই আয়োজনে এবারও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
আসন্ন এই ক্রীড়া উৎসবের বিস্তারিত জানাতে আজ রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বিএসপিএ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টায় হোম অব বিএসপিএতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এই ক্রীড়া উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা আরও জানান, এবারের আসরে মোট ৮টি ডিসিপ্লিনের ১২টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। প্রতিযোগিতায় থাকা ডিসিপ্লিনগুলোর মধ্যে রয়েছে— আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। এবারের সব কটি খেলা ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সেই অনুষ্ঠিত হবে।