হারলেও আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর শেষ হলো অম্ল-মধুর স্মৃতি নিয়ে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে দেখল লজ্জার হার। তবুও এই সিরিজটি লেখা থাকবে ইতিহাসের পাতায়। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানোর ইতিহাস যে লেখা হলো এই সিরিজেই। একই সঙ্গে আরও একটি মাইলফলকও এসেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। নিজেদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইসিহাসে স্মরণীয় অবস্থানে উঠে এসেছে টাইগাররা।

আজ রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্ট শেষে টেস্ট ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ের হালানাদাগ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ইতিহাসের সেরা ষষ্ঠতম স্থানে।

টেস্ট ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে এটাই বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং। আগে কখনোই এর চেয়ে বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৭৮।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারলেও র‌্যাঙ্কিংয়ে এমন সাফল্যের কারণ ডারউইন টেস্ট। মূলত তখনই এই র‌্যাঙ্কিং নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। যেটি আনুষ্ঠানিকভাবে এখন ঘোষণা করল আইসিসি।

এই সাফল্যে বাংলাদেশ পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। বাংলাদেশকে জায়গা ছেড়ে দিতে একধাপ করে নিচে নেমে গেছে এই তিন দল। বাংলাদেশের পরে সাত নম্বরে আছে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান আর নয়ে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ  পাঁচে যথাক্রমে অবস্থান করছে– অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

অবশ্য র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবস্থান হয়তো বেশি সময় স্থায়ী হবে না। কারণ রেটিং পয়েন্টে তাদের সঙ্গে পরবর্তী তিনটি দলের ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট। বর্তমানে শ্রীলঙ্কার রেটিং ৭৬, পাকিস্তানের ৭৫ আর ওয়েস্ট ইন্ডিজের রেটি ৭৪। বাংলাদেশ যদি ম্যাকাইয়ে জিততে পারত তাহলে এই ব্যবধানে আরও বাড়ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *