ডারউইনের উড়ন্ত বাংলাদেশ ম্যাকাইয়ে এসে কোথায় যেন হারিয়ে গেল। প্রথম টেস্টে মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্সদের হতাশার চাদরে মোড়ানো ব্যাটাররা এবার নিজেরাই হতাশায় ডুবলেন। দুই ইনিংসেই উইকেট উপহার দিয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার বোলারদের। এতে পাঁচ দিনের টেস্টে দুই দিনেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আজ রোববার (২৩ আগস্ট) দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারা বাঁচাতে অন্তত ১৪৭ রান করতে হতো বাংলাদেশকে। কিন্তু সাদমান ইসলাম, মুমিনুল হকরা গুটিয়ে গেছে ৯৫ রানেই। ম্যাচ শেষে হারের কারণ জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। এখানকার কন্ডিশনও ভিন্ন ছিল। বল একটু বেশি বাউন্স করেছে এবং বাতাসে সুইংও ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে দল হিসেবে আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই, তাহলে এই ধরনের কন্ডিশন মোকাবিলা করতে হবে।’
ম্যাকাইয়ের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের কাজে আসবে। সত্যি বলতে, সব ব্যাটারের জন্যই পরিস্থিতি বেশ কঠিন ছিল। শরিফুলের বোলিংয়ের বিপক্ষে তাদের ব্যাটিংও সংগ্রাম করেছে। সত্যি বলতে, উইকেটটে ব্যাটিং করা বেশ কঠিন ছিল।’
অস্ট্রেলিয়ার প্রশংসা করে শান্ত বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কতটা ভালো দল, কতটা অভিজ্ঞ দল। তারা তাদের ক্যারেক্টার এবং মানসিক দৃঢ়তা দেখিয়েছে।’