কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে নোয়াখালীর সুবর্ণচরে ঘুরতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী। গতকাল শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মো. ইসমাঈল (১৭) ও একই ব্লকের এক কিশোরী (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই কিশোর-কিশোরী ক্যাম্প থেকে বের হয়ে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে যায়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরবর্তীতে স্থান ত্যাগের জন্য বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের পুনরায় কক্সবাজারের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।