খুলনায় জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে ঘটা আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি সাইফিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে র‍্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে সাইফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়। এর আগেও তিনি র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরবর্তীতে আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরা আশিবিঘা বালুর মাঠ এলাকার ফুটবল খেলার মাঠে মঞ্জুরুল নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে একই এলাকার কালভার্ট সংলগ্ন স্থানে ধাওয়া করে নাজমুল নামে আরো একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জোড়া হত্যাকাণ্ডের এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর পরই আসামি সাইফি আত্মগোপনে চলে গিয়েছিলেন।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত ও আসামির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৬-এর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র‍্যাব-৬-এর সিও লেফট্যানেন্ট কর্নেল নিস্তার আহমেদ সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *