হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তারি পরীক্ষায় ৭৪ বছর বয়সী এই সাবেক রাজনীতিককে সম্পূর্ণ ‘শারীরিকভাবে সুস্থ’ বলে ঘোষণা করা হয়েছে। খবর দ্য ডনের। 

আজ শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে জানান, গত ২০ ও ২১ আগস্টের মধ্যবর্তী রাতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি হাসপাতাল ‘শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে’ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তথ্যমন্ত্রী স্পষ্ট করেন, শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিবেশ ও পিটিআই কর্মীদের তৈরি করা নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনা করে তাকে সরকারি হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস)’ নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালায়। 

আতাউল্লাহ তারার জানান, চিকিৎসা পরীক্ষা চলাকালে ইমরান খানের বোন ড. উজমা খান উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল প্রায় ৫টার দিকে তাকে আবারও কারাগারে ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, তোশাখানা দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ইমরান খান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। সম্প্রতি তার রক্তচাপের ওঠানামা, মাথাব্যথা এবং চোখের সমস্যার কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের জীবনের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসার অধিকার নিশ্চিত করতে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *