কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের দুজনের বাড়ি সাতক্ষীরায়

ভারতের কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ নামের পাঁচতলা একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নয়জনের মধ্যে একজন নারীসহ দুইজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে। গত বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর নিহতদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।

নিহতদের একজন এস এম আলিমুজ্জামান ওরফে সাজু (৪৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে। পেশায় তিনি ঘের ব্যবসায়ী। নিহত অপরজন রেবতী সরকার। তিনি একই ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ভবেশ কুমার সরকারের স্ত্রী।

নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু বলেন, চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট। মেজো ভাই রাজু সরদার আগেই মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেজো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন। কোমরের ব্যথার চিকিৎসা নিতে পাঁচ-ছয় দিন আগে সাজু ভারতে যান। বুধবার তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে, হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, আলিমুজ্জামান ওরফে সাজু ও রেবতী সরকার নামে দুইজনের নিহত হওয়ার খবর তারা শুনেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ২টার দিকে ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ নামের একটি হোটেলের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছেন।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে স্বর্ণাশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। অপর নিহত বাংলাদেশির নাম আহমেদ বাবু (২৭)। তিনি সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগমবাড়ি গ্রামের আদম আলীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *