বাংলাদেশের টেস্ট দলে বেশ ভালোভাবেই নিজেকে প্রমাণ করে নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও পরিকল্পনায় ছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনায় বাঁধা তৈরি করে চোট। যদিও চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে দলের সঙ্গেও ছিলেন। তবে মাঠে নেমে ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ায় অবদান রাখা হয়নি তার। সেজন্য অবশ্য আক্ষেপ নেই শরিফুলের।
প্রথম টেস্টে শরিফুলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন ইবাদত হোসেন। পরবর্তীতে দলের সঙ্গে যোগ দিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এখন পুরোপুরি সুস্থ আছেন শরিফুল। আসন্ন ম্যাকাই টেস্টে মাঠে নামার জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত।
মঙ্গলবার (১৮ আগস্ট) ম্যাকাইতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শরিফুল বলেন, ‘প্রথম টেস্টে খেলতে না পারায় আমি নিজেকে একটুও দুর্ভাগা মনে করছি না। কারণ, যা হওয়ার তা তো আর আগে থেকে বলে কয়ে আসে না। চোটের পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার কাছে মনে হয়, এই বিরতিটা শরীরের জন্য বেশ ভালোই হয়েছে।’
ডারউইনে সতীর্থদের ঐতিহাসিক জয় দারুণ উপভোগ করেছেন শরিফুল। ম্যাচ চলাকালীন ডাগআউটে থেকে নিয়মিত দলের জন্য দোয়া করেছেন তিনি। এই টাইগার পেসার বলেন, ‘যারা মাঠে খেলছিল, আমি সবসময় তাদের জন্য দোয়া করছিলাম যেন, তারা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা ম্যাচটা জিততে পারি। যখন আমরা জিতে গেলাম, তখন মনে হয়েছে বাংলাদেশের কোটি মানুষের চেয়ে বুঝি আমি একা সবচেয়ে বেশি খুশি হয়েছি।’
হাসতে হাসতে তিনি আরও যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লেগেছে। এমন একটা ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরে দারুণ লাগছে। একাদশে না থেকেও অন্তত জয়ের সেলিব্রেশনের ছবিতে তো ঢুকে গেছি!’