লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের ইমবিতুভা পৌরসভায় দ্রুতগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
দেশটির স্থানীয়ভাবে প্রকাশিত সংবাদপত্রের ছবিতে দেখা যায়, প্রতিবন্ধী ব্যক্তিদের চিহ্নযুক্ত একটি বাস চুরমার হয়ে রাস্তায় একটি ট্রাকের পাশে পড়ে আছে।
পারানার ইমবিতুভা পৌর শহরের অফিস থেকে বেশ কয়েকটি মহাসড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিয়া আরাউকারিয়া’ জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, বাসের ২১ জন যাত্রী মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন।’
দুর্ঘটনাটি ঘটে দেশটির দক্ষিণাঞ্চলের সঙ্গে ব্রাজিলের সবচেয়ে সম্পদশালী রাজ্য সাও পাওলোকে সংযোগকারী একটি মহাসড়কে।
স্থানীয় গণমাধ্যমের মতে, যাত্রীবাহী বাহনটি রোগীদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। তবে, ট্রাকের আরোহীদের সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য জানায়নি।
ব্রাজিলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গত রোববার রিও ডি জেনিরো রাজ্যে যাত্রীবাহী একটি বাস উল্টে আটজন মারা যান।
এর আগে গত ফেব্রুয়ারিতে, উত্তর-পূর্ব ব্রাজিলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি বাস রাস্তা থেকে ছিটকে উল্টে গেলে অন্তত ১৬ জন নিহত হন।