মূল্যস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় লাফ

মার্কিন ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কিছুটা কমে আসায় বিশ্ববাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৩৭০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

এর আগে মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র থেকে জার্মানি ও জাপান- সব দেশেরই দীর্ঘমেয়াদি ঋণের খরচ বা বন্ডের ইল্ড কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় দুই শতাংশ কমে যায়। তবে বুধবার বন্ড বিক্রির চাপ কিছুটা কমায় ডলারের মান হ্রাস পায়, যা সুদহীন এই সম্পদে বিনিয়োগকারীদের আগ্রহ আবার বাড়িয়েছে। 

সিএমই-এর ‘ফেডওয়াচ টুল’-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দাভাবের কারণে সুদের হার না বাড়ানোর সম্ভাবনা বেড়ে ৬৭ শতাংশে দাঁড়িয়েছে। মূলত ব্যাংক বা বন্ডের সুদের হার কম থাকলে স্বর্ণ কিনে রাখাটা বিনিয়োগকারীদের কাছে বেশি লাভজনক মনে হয়, কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না।

আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ‘ইউবিএস’-এর বিশ্লেষকরা জানিয়েছেন, চলতি মাসেই স্বর্ণের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বেশি থাকায় সামনে এই ধাতুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক আট শতাংশ বেড়ে এক হাজার ৭২৬ দশমিক ৯৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক এক শতাংশ বেড়ে এক হাজার ২৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *