চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে ফটিকছড়ির বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্তের ধুরুংখালে এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুংখালে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধুরুংখালে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়।
বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, উদ্ধার করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বুধবার সকালে এই নারায়ণহাট রেঞ্জের আওতাধীন ধুরং খাল থেকে সেনাবাহিনী জব্দ করা কাঠ ও বাঁশ বনবিভাগের নিকট হস্তান্তর করেছে। গাছগুলো পরিমাপ চলছে।