ধানমণ্ডির ইচিগো রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে অবস্থিত ইচিগো রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ বুধবার (১৯ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়ায় এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘরে কোনো ধরনের লেবেল সংযোজন না করে চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া মজুদকৃত বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়নি। একই সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি এম রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণে যথাযথ লেবেলিং এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা ভোক্তার নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

বি এম রুহুল আমিন রিমন বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *