চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ প্রবেশের ব্রিজ থেকে চত্বর পর্যন্ত অন্তত আধা কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ। ব্যস্ত এই সড়কের দুই পাশে যত্রতত্র ফেলা বর্জ্যের কারণে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যার মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় ভোগান্তি সবচেয়ে প্রকট। এ পথ দিয়ে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষকে প্রতিদিন নাক চেপে চলাফেরা করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সায়েম, মোটরসাইকেল চালক বোরহান ও শিক্ষার্থী সিফাতুল ইসলাম বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে বর্জ্য গড়িয়ে মূল সড়কে চলে এসে যানবাহন ও পথচারী চলাচলে ব্যাঘাত ঘটায়। দীর্ঘদিনের এই দূষণে মশা-মাছি ও পোকামাকড়ের উপদ্রব বাড়ার পাশাপাশি জীবাণু ছড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং শহরের বাইরে স্থায়ী কোনো বর্জ্য ফেলার স্থান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ১৯৮৫ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো স্থায়ী ডাম্পিং ইয়ার্ড গড়ে ওঠেনি। তবে বর্তমানে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সহকারী কমিশনারকে (ভূমি) উপযুক্ত খাসজমি চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী ডাম্পিং ইয়ার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুতই এই জনদুর্ভোগ নিরসন করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন তিনি।