ঋণের চাপ সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন লিটন কাজী (৩২) নামে এক যুবক। তার মরদেহ বাড়িতে আনার পর তা দেখে শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার বাবা মান্নান কাজীও (৬০)।
গতকাল সোমবার (১৭ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এরপর রাতেই একই সঙ্গে বাবা ও ছেলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় কৃষক লিটন কাজী বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে আনুমানিক ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পেরে ও দায়িত্বশীলদের কটূকথায় অভিমান করে গত রোববার (১৬ আগস্ট) সকালে তিনি বিষপান করেন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার বিকেলে পুলিশি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ বাড়িতে পৌঁছালে বাকরুদ্ধ বাবা মান্নান কাজী ছেলের মুখের দিকে তাকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত লিটনের ১০ বছর বয়সী এক মেয়ে ও ৭ বছর বয়সী এক ছেলে রয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান।