রাজধানীর খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
এসআই তারেকুর রহমান বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) এ আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন।
নথি থেকে জানা গেছে, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর তিন মাসের কারাদণ্ড দেন সামরিক আদালত। তখন তাকে কারাগারে পাঠানো হয়। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৭ মে দুপুর ২টার দিকে খিলক্ষেত বাজার সংলগ্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সময় সেনাবাহিনী থেকে বরখাস্ত কয়েকজনকে আটক করে পুলিশ। চাকরি থেকে বরখাস্ত করায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য ‘সহযোদ্ধা’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়।
এ ঘটনায় ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার আজিজুল ইসলাম গত বছরের ১৮ মে খিলক্ষেত থানায় মামলা করেন।