ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেন এ তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
বেলাল হোসেন বলেন, আজ এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। আদালত থেকে সাক্ষীদের প্রতি পরোয়ানা দেওয়া হয়েছিল। কিন্তু সাক্ষীরা পরোয়ানা জারি সত্ত্বেও আদালতে হাজির হননি। তাই সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ২০১৬ সালের ৭ আগস্ট দুপুর ১টার দিকে ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা এই ব্লগারকে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী আশা মনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২০২০ সালের ৪ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার আসামিরা হলেন—সাবেক সেনা কর্মকর্তা ও চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, কাওসার হোসেন খান, মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কামাল হোসেন সারদার, মাওলানা মুফতি আবদুল গাফফার, মো. মোর্তুজা ফয়সাল সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের।
মামলাটিতে এ পর্যন্ত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।