মেট্রোতে নারী যাত্রীর গোপন ছবি তুলে ধরা খেলেন সিআইএসএফ সদস্য

মেট্রোর ভেতরে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপন ছবি তোলার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সামরিক বাহিনীর (সিআইএসএফ) সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে দিল্লি মেট্রোর ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স’ স্টেশনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মেট্রো কোচের ভেতরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) পোশাক পরা ওই জোয়ানকে ঘিরে ধরেছেন একদল যাত্রী। প্রথমে তিনি কোনো ছবি তোলার কথা অস্বীকার করলেও ভুক্তভোগী নারী ও অন্য যাত্রীদের চাপে ফোনের গ্যালারি দেখাতে বাধ্য হন। গ্যালারিতে স্পষ্টত ওই নারীর তোলা গোপন ছবি দেখতে পান যাত্রীরা।

ছবি পাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগী নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘এসব কী? আমার ছবি এখনই ডিলিট করুন!’ এসময় ক্ষুব্ধ যাত্রীরা ওই সেনার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পরপরই সিআইএসএফ কর্তৃপক্ষের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অভিযুক্ত সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়।

অন্যদিকে, দিল্লি মেট্রো পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে এ বিষয়ে জরুরি পিসিআর কল আসে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ভুক্তভোগী নারী কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে পুরো বিষয়টি সিআইএসএফ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তারা বিভাগীয় তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *