রাশিয়ার ওপর শত শত ড্রোন দিয়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি যুদ্ধে কিয়েভের চালানো অন্যতম বৃহত্তম এই হামলায় রাশিয়ার অভ্যন্তরে অন্তত ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়া দাবি করেছে, তারা ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে গুদাম, শিল্প কারখানা ও তেল শোধনাগার লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে। খবর সিএনএনের।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ জানিয়েছে, এটি চলতি বছরের শুরু থেকে কিয়েভের সবচেয়ে বড় ড্রোন হামলা, যার বেশিরভাগ ড্রোনই পরিচালনা করা হয়েছিল মস্কো অঞ্চলকে লক্ষ্য করে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটগুলো ওই অঞ্চলের আকাশে ১৮৭টি ড্রোন ভূপাতিত ও নিষ্ক্রিয় করেছে। ড্রোন হামলায় মস্কো অঞ্চলের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের (যা রাশিয়ার অ্যাগ্রিগেটর বা অ্যামাজন সমতুল্য) একটি বিশাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউক্রেনের দাবি, আড়াই লাখ বর্গমিটারের এই গুদামটি রুশ সামরিক বাহিনীর রসদ জোগাতে ব্যবহৃত হতো। তবে এ ঘটনায় কেউ আহত হননি। অন্যদিকে, মস্কো অঞ্চলের অন্য এক স্থানে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ ও পশ্চিম রাশিয়ার প্রধানত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা গেছে। এর মধ্যে দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলে ড্রোন হামলায় পাঁচজন নিহত হন।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রোস্তভে রুশ অস্ত্রের কঠিন রকেট প্রোপেল্যান্ট উৎপাদনকারী একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে।
এদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভের একটি বইয়ের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে ও এতে ৬ জন আহত হয়েছেন। এছাড়া ক্রেমেনচুক ও ক্রিভি রিহ-তেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো।
ক্রিভি রিহ-এর একটি ইস্পাত কারখানায় হামলায় এক কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছেন। পাশাপাশি উত্তরের সুমি-তে আরও একজন প্রাণ হারিয়েছেন।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধক না থাকায় তারা গত রাতে ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি।
জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনের দিকে এক হাজার ৫৫০টিরও বেশি ড্রোন, এক হাজার ৫৬০টি নির্দেশিত বোমা ও ৬২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
অন্যদিকে, রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন ন্যাটোর মিশনে থাকা স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে। প্রতিবেশী মলদোভা সীমান্ত হয়ে এটি দেশে প্রবেশ করেছিল। চলতি বছর রোমানিয়ার আকাশে ভূপাতিত হওয়া এটি চতুর্থ ড্রোন।