চট্টগ্রামের ডবলমুরিংয়ে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে ডবলমুরিং মডেল থানায় মামলা হয়েছে। ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনছুরাবাদ, ওয়াপদা কলোনি সংলগ্ন হাজি ফজলুল করিম চৌধুরী লেনের রয়েল টাচ অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। ভবনটির পঞ্চম তলায় উম্মে হাবিবার বাসায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ১০-১২ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন উম্মে হাবিবা (৪৭), মো. ইসকান্দার মির্জা (৫১), সঞ্জয় কান্তি নাথ (৩১), এস এম সালা উদ্দিন (৪০), আহসান আবিদ (২২), সুলতান মাহমুদ জিদান (২৮), পার্থ প্রতীম নন্দী (৩৪), শুভ আইচ (৩২), যীশু রায় চৌধুরী (৬২), মো. জাকির হোসেন (৪৩), মশিউর রহমান আবির (২৮), কামেলা খানম রুপা (৪৩), আয়েশা হেভেন (৩৮), সুজলা অন্তরা (২৭) ও শারমিন ইয়াসমিন নিশু (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে অনেকেই আইন পেশায় জড়িত বলেও জানা গেছে।
অভিযানে পুলিশ বেশ কয়েকটি মোবাইল ফোন ও একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর জব্দ করেছে। এসব মোবাইল ফোনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন পন্থায় অর্থ সংগ্রহ করে সরকারকে অস্থিতিশীল করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের পরিকল্পনার কথা জানিয়েছেন।
এজাহারে আরও বলা হয়, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতার চেষ্টা, অর্থায়ন, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা ও অপরাধ সংঘটনে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।