অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

লালমনিরহাটের হাতীবান্ধায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা যাত্রী জহুরুল ইসলাম (৫০) ও আব্দুল মজিদ (৪৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম ও সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ।

এ ছাড়া আহতরা হলেন— হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আজিমউদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫), উত্তর সিংগীমারী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম ও নিহত জহুরুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৬)।

প্রত্যক্ষদর্শী হারুন জানান, শনিবার দুপুর তিনটার দিকে উপজেলার বন্দর বাসস্ট্যান্ডের দিক হতে দ্রুত গতিতে ছুটে আসা একটি খালি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হিরণ মটরসের শো রুমে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আব্দুল মজিদ নিহত হন। আর জহুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক আনারুল ইসলাম বলেন, দুজন মারা গেছেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পালাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *