বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম মাসের জুলাইয়ের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম। পরের অবস্থানে রয়েছে কুমিল্লা, সিলেট ও নোয়াখালী।
অবশ্য দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলাই প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায়। এই বিভাগের মোট ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এছাড়া আছে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চাঁদপুর। সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায়।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা। সেখানে দেখা যায়, গত জুলাই প্রবাসীরা দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে প্রবাসী আয় ঢাকা বিভাগে এসেছে ১৪৯ কোটি ৮০ লাখ ডলার। যা শীর্ষ স্থানে উঠে এসেছে। এই বিভাগের মোট ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে শীর্ষ তালিকার প্রথমে।
জুলাই মাসে শীর্ষ দশের তালিকার নবমে রয়েছে মাদারীপুর এবং দশমে টাঙ্গাইল। ঢাকা বিভাগের এই দুই জেলায় প্রবাসী আয় এসেছে যথাক্রমে পাঁচ কোটি ৪৯ লাখ ডলার এবং পাঁচ কোটি ৪৮ লাখ ডলার। অন্যান্য বিভাগের মধ্যে জুলাই মাসে চট্টগ্রাম বিভাগের এসেছে ৭৫ কোটি ৮৯ লাখ ডলার, সিলেটের ২৫ কোটি ৫০ লাখ ডলার, খুলনায় ১১ কোটি ৮৭ লাখ ডলার, রাজশাহীতে ৯ কোটি ৩৮ লাখ ডলার, বরিশালে পাঁচ কোটি ৪৫ লাখ ডলার, ময়মনসিংহে চার কোটি ৯৮ লাখ ডলার এবং রংপুরে তিন কোটি ডলার। রংপুর বিভাগের পঞ্চগড়ে জেলায় প্রবাসী আয় এসেছে ১৪ লাখ ডলার। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন এটি। সর্বনিম্ন দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাট। এই জেলায় প্রবাসী আয় এসেছে ১৬ লাখ ডলার।
অপরদিক জুলাইয়ে প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা। আলোচিত মাসে এই বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে ২০ কোটি ১৮ লাখ ডলার। এছাড়া কুমিল্লা জেলায় ১৮ কোটি ৫৪ লাখ ডলার, নোয়াখালীতে আট কোটি ৮৩ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় সাত কোটি ৯৮ লাখ ডলার, ফেনীতে ছয় কোটি ৮৫ লাখ ডলার এবং চাঁদপুরে ছয় কোটি ৫৬ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
সে হিসেবে, চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। এরপর নোয়াখালী পঞ্চম, ব্রাহ্মণবাড়িয়া ৬ষ্ঠ, ফেনী সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চাঁদপুর। একই বিভাগের রাঙামাটি জেলায় প্রবাসী আয় এসেছে ১৬ লাখ ডলার। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন দ্বিতীয় অবস্থানে এটি। শীর্ষ দশের তালিকায় সিলেট বিভাগে রয়েছে একটি জেলা। এর মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৩৫ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে।