নতুন বলে ব্যাটিং ধস দেখল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত ফেরার পর উইকেটে ছিলেন সর্বশেষ দুই স্বীকৃত ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস। বাংলাদেশকে আজকের দিনটা পার করতে হলে বড় দায়িত্ব নিতে হতো তাদের। কিন্তু হতাশ করলেন দুজনই। পুরোনো স্মৃতি ফিরিয়ে দেখালেন ছোটখাটো ব্যাটিং ধস। এখন বড় রানের শঙ্কায় বাংলাদেশ।

আজ শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৬ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে লিড দিয়েছে ১১৮ রানের। ৮ বলে ৬ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গী হাসান মাহমুদ (৯ বলে ৪)।

আগের দুই নতুন বল বেশ ভালোভাবেই সামাল দিয়েছিল বাংলাদেশ। সেভাবে কোনো সুযোগই দেননি অসি বোলারদের। কিন্তু তৃতীয় নতুন বলে ছোটখাটো ব্যাটিং ধস দেখালেন অভিজ্ঞ ব্যাটাররা। চা বিরতির পর এক সেশনেই বাংলাদেশ হারাল তিন উইকেট। এর আগের তিন সেশনের মধ্যে কোনো সেশনেই এক উইকেটের বেশি হারায়নি বাংলাদেশ।

শান্ত ফেরার পর উইকেটে আসা লিটন দাস। ১২ বল খেলে কোনো রান নিতে পারেননি। তার আগেই মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়েছেন স্টিভেন স্মিথের হাতে।

এরপর স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে সেই স্মিথকেই যেন ক্যাচ শেখালেন উইকেটে থিতু হওয়া মুশফিকুর রহিম। প্যাট কামিন্সের বলে তৃতীয় স্লিপে থাকা স্মিথ ক্যাচ নিতে কোনো ভুল করেননি। ৫৫ বলে ৩৬ রান করে ফেরেন তিনি।

আক্ষেপ নিয়ে ফিরলেন শান্ত, এখন দায়িত্ব মুশফিক-লিটনের

একটু আগেই প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলেন তানজিদ হাসান তামিম। আজ দ্বিতীয়টিও হওয়ার খুব কাছাকাছিই ছিল। শতকের পথে হাটছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিন অঙ্ক ছুঁতে পারলেন না তিনি। ফিরলেন আক্ষেপ নিয়ে।

সেঞ্চুরি অপেক্ষায় রেখে চা বিরতিতে গিয়েছিলেন শান্ত। বিরতি থেকে ফিরে সেই আশা আরও জোড়ালো করছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় নতুন বল পাওয়া জস হ্যাজলউডের কাছে পরাস্ত হলেন টাইগার কাপ্তান। ফিরলেন দ্বিতীয় স্লিপে থাকা স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে ১২৬ বলে ৮৪ রান।

শান্ত ফেরার পর উইকেটে এসেছেন লিটন দাস। আগে থেকেই ছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন তাদের ওপর। এখন আরও বেশি সতর্ক হতে হবে মুশফিক-লিটনকে। 

সেঞ্চুরির অপেক্ষায় শান্ত, বড় লিডের পথে বাংলাদেশ

ডারউইনে বাংলাদেশের দ্বিতীয় দিনটাও কাটছে স্বপ্নের মতোই। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। এরপর তিনি ফিরেছেন দ্রুতই। দিনের দুই সেশনে বাংলাদেশ সবমিলিয়ে দুই উইকেট হারিয়েছে বটে, তবে স্কোরবোর্ডেও যোগ করেছে রান। স্বাগতিকদের বিপক্ষে বড় রানের লিডের পথে বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেও দারুণ ব্যাট করেছেন শান্ত আর তামিম। তৃতীয় উইকেটে তাদের জুটিও শত রানের কাছে চলে গিয়েছিল।

আগের দিন ওপেনিংয়ে নামা তামিম এদিন ইতিহাস গড়েন। ইনিংসের ৬৪তম ওভারের শেষ বলটি করেন নাথান লায়ন। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বলটি বোলারের পাশ দিয়ে ড্রাইভ করে লং অফে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে তামিমেরও এটি প্রথম সেঞ্চুরি।

সেঞ্চুরি করে অবশ্য বেশি সময় উইকেটে টিকতে পারেননি তামিম। ৬৬তম ওভারে লায়নকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন মিচেল স্টার্কের হাতে। শেষ পর্যন্ত ১৯৭ বল খেলে করেন ১০১ রান।

এরপর উইকেটে এসে শান্তকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই দুজনের জুটিতে এখন ছুটে চলছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে তাদের জুটি থেকে এসেছে ৭৫ বলে ৫৫ রান।

অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ

প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও বাংলাদেশের স্বপ্নের মতোই যাওয়ার পথে। অন্তত যে দেড় সেশন খেলা হয়েছে এটি তো অবশ্যই। অস্ট্রেলিয়ার বোলারদের সেভাবে সুযোগই দিচ্ছেন না টাইগার ব্যাটাররা। নতুন বল থেকে পুরোনো বল– তানজিদ হাসান তামিমরা দেখাচ্ছেন দৃঢ়তা। মাঝে মুমিনুল হক ফিরে গেলেও সেটি বড় সমস্যার কারণ হয়নি। ইতোমধ্যে দুইশ রান পার করে ফেলেছে বাংলাদেশ। অর্থাৎ স্বাগতিকদের লিড দেওয়া শুরু করেছে বাংলাদেশ।

৯ উইকেট আর ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে অস্ট্রেলিয়ার পাওয়া নতুন বল পাওয়া বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন তামিম আর মুমিনুল হক। দুজন মিলে দারুণ করেছেন সকালে। দুই দিন মিলিয়ে তাদের এই দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ১০২ রান।

হাফসেঞ্চুরির কাছে পৌছে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু ইনিংসের ৪০তম ওভারে কিছুটা আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। ৪৯ রানে জস হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারির হাতে।

মুমিনুল ফিরলেও বড় কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। এরপর উইকেটে এসে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দুজনের তৃতীয় উইকেট জুটি ছাড়িয়েছে অর্ধশত রান। তার ব্যাটে ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বড় রানের দিকে।

এদিকে ইনিংসের গোড়াপত্তন করতে নামা তামিমও দারুণ ব্যাটিং করছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির তুলে নিয়েছেন তিনি। এখন অপেক্ষায় আছেন প্রথম সেঞ্চুরিরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *