রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও নদীর তীব্র স্রোতের কারণে বাঁধের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। একই সঙ্গে নদী রক্ষায় ব্যবহৃত সিসি ব্লকগুলো ধসে পড়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। এতে বাঁধের অংশে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় চরম ভিটি ও আতঙ্কে দিন কাটাচ্ছেন তীরবর্তী বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, তোড়জোড়ে পানি প্রবাহিত হওয়ায় নদী বাঁধের পাড়ের মাটি দ্রুত সরে গিয়ে বেশ কিছু স্থানে ভয়াবহ গর্ত তৈরি হয়েছে। ব্লকের একটি বড় অংশ নদীতে ধসে পড়ায় পুরো স্থাপনাটি এখন চরম ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশটি স্থায়ীভাবে মেরামত না করা হলে পানির চাপ বাড়ার সাথে সাথে নদী ভাঙন আশপাশের ঘরবাড়ি, কৃষিজমি ও জনপদ গিলে খাবে।
খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা। তিনি বলেন, ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা হয়েছে এবং জরুরি ভিত্তিতে এটি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে।