তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক জ্ঞান উন্নয়ন, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে এ ক্লোজআউট মিটিং অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘ডুকেশন অ্যাবাভ অল (ইএএ)’ -এর সহায়তায় ২০২৩ সালের ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬। দেশের ২৭টি শাখায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে সারাদেশে মোট ৩ হাজার ৬০০ জন তরুণ উদ্যোক্তাকে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জ সদর শাখায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত মোট ৩০৪ জন উদ্যোক্তাকে (২৭৮ জন পুরুষ ও ২৬ জন নারী) প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পটির মাধ্যমে স্থানীয় ১০৮ জন উদ্যোক্তাকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয় এবং ৪০ জন উদ্যোক্তা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগের সুযোগ পান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের বলেন, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি যুব উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণের পাশাপাশি নবীন উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করা হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের পর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এতে অন্যান্যের মধ্যে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফরিদুজ্জামান সোহাগসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।