মিটফোর্ডে সোহাগ হত্যা, আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও তিন জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে তিন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। বিচারক জেরা শেষে আগামী ২৮ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাক্ষীরা হলেন- ইসমাইল, বাবুল ও হাসান।

নথি থেকে জানা গেছে, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন একদল লোক সোহাগকে (৩৯) পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে  কোতয়ালী থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ৮ ডিসেম্বর এই মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার (বর্তমানে শাহবাগ) অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান। এ ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে অব্যাহতির সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *