খুলনায় মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণার আগে আদালত চত্বর থেকে পালিয়ে গেছে দুই আসামি। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
আদালত ওই দুই আসামিকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনা সদর থানার আলতাপপোল লেনের নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া মৌজে আলী খাঁর ছেলে সিরাজ খাঁ এবং পুলিশ লাইন পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান হাওলাদারের ছেলে হারুন অর রশিদ।
আদালত সূত্রে জানা যায়, মামলার রায় ঘোষণার সময় ঘনিয়ে এলে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালত চত্বর থেকে কৌশলে পালিয়ে যান। পরে আদালত তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
আদালত সূত্রে আরও জানা গেছে, মাদক সংক্রান্ত ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে।